২৭ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
‘সিরিয়ায় হামলার বৈধতা আদায় করতে চাইছে পাশ্চাত্য’

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে সিরিয়ায় সম্ভাব্য সামরিক হামলার বৈধতা আদায় করতে চাইছে পাশ্চাত্য।

বার্তা সংস্থা আবনা : রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে সিরিয়ায় সম্ভাব্য সামরিক হামলার বৈধতা আদায় করতে চাইছে পাশ্চাত্য। ইহুদিবাদী ইসরাইলও এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে এক সুরে কথা বলছে।

এ কথা বলেছেন,  ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হাসান শায়খুল ইসলাম। তবে, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার জানা উচিত- সিরিয়ার বিরুদ্ধে তারা সামরিক হামলা চালিয়ে কোনো কিছু অর্জন করতে পারবে না। তিনি বলেন, এ ধরনের অজুহাত তুলেই ২০০৩ সালে ইরাকে হামলা চালিয়েছিল।

ইরানের এ সংসদ সদস্য আরো বলেন, সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলার জন্য সিরিয়াকে প্রস্তুত থাকা উচিত কারণ সিরিয়ায় ব্যর্থ হলেই পশ্চিমাদেরকে চরম মূল্য দিতে হবে। ইসরাইল ও আমেরিকা তাদের কথিত সম্মান পুনরুদ্ধারের জন্য সিরিয়ার আসাদ সরকারকে উতখাতের বাজি ধরেছে।

হাসান শায়খুল ইসলাম আরো বলেন, যেখানে শান্তিপূর্ণভাবে সিরিয়া সমস্যার সমাধান করা দরকার এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রস্তাবিত সংলাপ এগিয়ে নেয়া দরকার সেখানে সিরিয়ার সরকার পতনের জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা কয়েকটি দেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি আমেরিকা, ব্রিটেন ও ইসরাইল জোরালোভাবে অভিযোগ তুলেছে যে, সিরিয়ার সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। অথচ, শুক্রবারও সিরিয়ার অন্তত দু’জন মন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।